আসসালামুয়ালাইকুম ওয়ারামাতুললাহি ওয়াবারাকাতুহু।। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আমিন।।কখন “বিসমিল্লাহ” বলবেন, আর কখন “বিসমিল্লাহির রাহমানির রাহীম”?
আমাদের অধিকাংশই এই ভুলটা করি। সেটা হলো আমরা মনে করি যে, বিসমিল্লাহ হলো আসলে বিসমিল্লাহির রাহমানির রাহীম এর সংক্ষিপ্ত ভার্শন, তাই সম্পূর্ণভাবে বলতে হলে আমাদের বিসমিল্লাহির রাহমানির রাহীম বলা উচিত। (যেমন আসসালামু আলাইকুম সম্পূর্ণভাবে বলতে হলে আমাদের বলা উচিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু)।
কিন্তু এই ধারণাটি ঠিক নয়। সালামের যেমন সম্পূর্ণ ভার্শন হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাই শুধু আসসালামু আলাইকুম বলার চাইতে এইভাবে পুরোপুরি বলা নিঃসন্দেহে উত্তম। কিন্তু বিসমিল্লাহর বেলায় এরকমটা নয়। বরং হাদীসের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বিসমিল্লাহ বলতে বলা হয়েছে, সেখানে শুধু ‘বিসমিল্লাহ’ কথাটাই নবীজী (সা) বলতে বলেছেন। তিনি বিসমিল্লাহির রাহমানির রাহীম বলতে বলেন নি। যেমন, একটি হাদীসঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “যখন তোমাদের কোনো ব্যক্তি খাওয়া শুরু করে তখন সে যেন ‘বিসমিল্লাহ’ বলে।” (তিরমিযী, ১৮৫৮)
তাই নবীজী (সা) আমাদেরকে যতটুকু বলতে শিখিয়েছেন আমরা ততটুকুই বলবো, তার সঙ্গে আলাদা কিছু যোগ করবো না। কেননা স্বয়ং নবীজীর (সা) শিখিয়ে দেওয়া কথার চাইতে উত্তম আর কী হতে পারে? (যদিও অধিকাংশ উলেমাগণের মতে, কেউ যদি “বিসমিল্লাহ”-র জায়গায় “বিসমিল্লাহির রাহমানির রাহীম” বলে তাহলে সেটা নাজায়েজ হবে না।)
তাই আপনার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলুন। যেমন বাড়িতে প্রবেশ করার সময়, দরজা লাগানোর সময়, পানাহারের সময়, বাথরুমে ঢোকার সময়, স্নান করার সময়, ওযু করার সময়, পোশাক পরিধানের সময়, গাড়িতে ওঠার সময় ইত্যাদি ইত্যাদি। এরকম ছোটো খাটো প্রত্যেকটা জায়েজ কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলুন।
আর ‘বিসমিল্লাহ’-র সাথে ‘আর-রাহমান আর-রাহীম’ যোগ করে “বিসমিল্লাহির রাহমানির রাহীম” বলবেন দুটো ক্ষেত্রেঃ
১. কোরআনের কোনো সুরাহ প্রথম আয়াত থেকে পড়ার শুরুতে।
২. যেকোনো লেখালেখির শুরুতে, যেমন কাউকে চিঠি লেখা, কিংবা কোনো প্রবন্ধ/বই ইত্যাদি লেখার শুরুতে। (যেমন নবীজী (সা) হিরোক্লিয়াস বাদশাহকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লেখার সময় “বিসমিল্লাহির রাহমানির রাহীম” দিয়ে লেখা শুরু করেছিলেন)।
(বিঃদ্রঃ “বিসমিল্লাহির রাহমানির রাহীম”-এর পরিবর্তে কোনো লেখার শুরুতে ৭৮৬ লেখা জায়েজ নয়, বরং এটি একটি বিদ'আত, যা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকা উচিত। কেননা ৭৮৬ কখনোই “বিসমিল্লাহির রাহমানির রাহীম”-কে রিপ্রেজেন্ট করে না। এটি কেবল একটি সংখ্যা মাত্র।)
No comments:
Post a Comment