হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, কোরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সমবেত হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসিয়াছিলেন। ওতবা ইবনে রাবীআহ তাহাদিগকে বলিল, আমাকে অনুমতি দাও, আমি যাইয়া তাহার সহিত কথা বলি। কারণ আশা করি আমি তাহার সহিত তােমাদের অপেক্ষা কোমল ব্যবহার করিতে পারি। অতঃপর ওতবা উঠিয়া তাঁহার নিকট যাইয়া বসিল এবং বলিল, ভাতিজা, আমি মনে করি আপনি আমাদের মধ্যে ঘর হিসাবে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ও মর্যাদার দিক দিয়া সর্বোচ্চে ; কিন্তু আপনি আপনার কাওমের মধ্যে এমন বিভেদ সৃষ্টি করিয়াছেন যাহা আর কেহ করে নাই। এই সকল কথার দ্বারা আপনার উদ্দেশ্য যদি মালদৌলত হাসিল করা হইয়া থাকে। তবে তাহা আপনার কাওমের দায়িত্বে রহিল। তাহারা আপনার জন্য এত পরিমাণ মালদৌলত জমা করিয়া দিবে যাহাতে আপনি আমাদের মধ্যে সর্বাপেক্ষা ধনী হইয়া যান। আর আপনার উদ্দেশ্য যদি সম্মান হাসিল করা হইয়া থাকে তবে আমরা আপনাকে এমন সম্মান দিব যে, কাওমের। কেহ আপনার অপেক্ষা সম্মানের অধিকারী হইবে না এবং আপনি ব্যতীত আমরা কোন ফয়সালা করিব না। আর যদি ইহা কোন জ্বীন ভূতের আছর হইয়া থাকে যাহা আপনি দূর করিতে পারিতেছেন না তবে যতক্ষণ না আমরা উহার চিকিৎসায় অপারগ সাব্যস্ত হইব ততক্ষণ আপনার (চিকিৎসার) জন্য আমাদের মাল খরচ করিতে থাকিব। আর আপনি যদি বাদশাহী চাহেন তবে আমরা আপনাকে আমাদের বাদশাহ বানাইয়া লইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাহার সব কথা শুনিয়া) বলিলেন, হে আবুল ওলীদ, তােমার কথা শেষ হইয়াছে কি? সে বলিল, হাঁ, শেষ হইয়াছে। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হা-মীম সেজদার প্রথম হইতে পড়িতে আরম্ভ করিলেন এবং সেজদার আয়াতে পৌছিয়া তিনি সেজদা করিলেন। আর ওতবা পিছন দিকে হাত রাখিয়া হেলান দিয়া বসিয়া রহিল। (অর্থাৎ সেজদা করিল না) তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরার বাকী অংশ পড়িয়া শেষ করিলে ওতবা উঠিয়া দাঁড়াইল। সে (কোরআনের আয়াতগুলি শুনিয়া এমন হতভম্ব হইয়া গেল যে,) বুঝিতে পারিতেছিল না যে, কাওমের মজলিসে যাইয়া কি জবাব দিবে? লােকেরা যখন তাহাকে ফিরিয়া আসিতে দেখিল তখন তাহারা নিজেদের মধ্যে বলাবলি করিতে লাগিল যে, সে যেই চেহারা লইয়া গিয়াছিল সেই চেহারা লইয়া ফিরিতে পারে নাই বলিয়া মনে হইতেছে।অতঃপর ওতবা আসিয়া তাহাদের নিকট বসিল এবং বলিল, হে কোরাইশগণ, তােমরা আমাকে যাহা কিছু বলিতে বলিয়াছিলে সবই আমি তাহাকে বলিয়াছি। আমার কথা শেষ হইলে পর তিনি আমাকে এমন কালাম শুনাইয়াছেন, খােদার কসম, আমার কান কখনও এমন কালাম শুনে নাই। আর আমি বুঝিয়াই উঠিতে পারি নাই যে, তাহাকে কি জবাব দিব। হে কোরাইশগণ, তােমরা আজ আমার কথা মানিয়া লও, আগামীতে কোন কথা না মানিতে চাহ না মানিও। তােমরা এই ব্যক্তিকে (তাঁহার অবস্থার উপর) ছাড়িয়া দাও এবং তাহার বিষয় হইতে সরিয়া থাক। খােদার কসম, তিনি আপন কাজ কখনও ছাড়িবেন না। তােমরা তাহার ও আরবদের মধ্য হইতে সরিয়া দাঁড়াও। যদি তিনি তাহাদের উপর জয়যুক্ত হন তবে তাহার গৌরব তােমাদেরই গৌরব হইবে, আর তাহার সম্মান তােমাদেরই সম্মান হইবে। আর যদি আরবগণ তাহার উপর বিজয়ী হয় তবে তােমাদের উদ্দেশ্য অন্যের দ্বারা হাসিল হইয়া গেল। কোরাইশগণ ওতবার কথা শুনিয়া বলিল, হে আবুল ওলীদ, তুমি বেদ্বীন হইয়া গিয়াছ। (বিদায়াহ)
No comments:
Post a Comment